সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ অঞ্চলে ৪০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, বরিশাল বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, খুলনা বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৮৩ হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ১ হাজার ৯৮৮ জন।
দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা নিয়মিত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে।



