রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীসহ দুজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, মামলার পলাতক ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসব কারণে তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া অপর আসামি হলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন (৪৬)। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রুহী ও কবির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে আন্দোলন দেখার সময় গুলিবিদ্ধ হন রাজু আহমেদ।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজুর বাবা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



