জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফর হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও জনশক্তি রপ্তানিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন ও জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়ও আলোচনায় থাকতে পারে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, অক্টোবরের শেষ দিকে জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে রওনা দেওয়ার নির্দিষ্ট তারিখ নিয়ে প্রেস উইং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো ২৬ অক্টোবরের কথা জানিয়েছে।
সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে।



