বরগুনা সদর উপজেলার উত্তর লাকুরতলা সোনাবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রথমে সপ্তম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হওয়ার পর পর্যায়ক্রমে আরও আট শিক্ষার্থী অসুস্থ হয়।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা তাদের উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অসুস্থ শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে কয়েকটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি বমি ভাব অনুভব করতে শুরু করে। প্রথমে সপ্তম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও আট ছাত্রী অসুস্থ হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহারা জানায়, শরীর খারাপ লাগায় মাথায় পানি দিয়ে ক্লাসে এসেছিল সে। পরে বমি বমি ভাব শুরু হলে অসুস্থ হয়ে পড়ে।
সাহারার মা জানান, সকালে মেয়েকে স্কুলে পাঠানোর পর দুপুরে শিক্ষকরা তার অসুস্থতার খবর দেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ক্লাস চলাকালে হঠাৎ সপ্তম শ্রেণির একটি ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে পরপর আরও আটজন অসুস্থ হলে অভিভাবকদের খবর দিয়ে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন বলেন, কয়েকজন ছাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর জানতে পারেন, অতিরিক্ত টেনশন বা গরমের কারণে এমন হতে পারে।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার নিহার রঞ্জন বৈদ্য বলেন, অতিরিক্ত চাপ বা টেনশনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে। হাসপাতালে আসা নয় শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।



