আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মার্কিন ডলারের দর বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের দাম কমেছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১২টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ১৫৭ ডলারে।
বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাউম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্বর্ণের বাজারে কিছুটা মন্দাভাব থাকলেও সামগ্রিকভাবে দাম স্থিতিশীল থাকতে পারে। ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী প্রকাশ হলে মুদ্রানীতি ও সুদের হার নিয়ে নীতিনির্ধারকদের অবস্থান আরও স্পষ্ট হবে।
বাজার বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে সুদের হার, দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার, মার্কিন ডলারের মূল্য এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দামে পরিবর্তন হলে তা স্বর্ণের বাজারেও প্রভাব ফেলতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৫৪ ডলার, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৭৯ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৫৪ দশমিক ৩৫ ডলারে নেমেছে।
দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।



