কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার অটোরিকশাচালক মো. সুমনকে জিজ্ঞাসাবাদ এবং নিহতের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজমিনের কাছে থাকা আইফোনের প্রতি লোভ হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ফোনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, তাজমিন হত্যার উদ্দেশ্য অনেকটাই স্পষ্ট হয়েছে। অটোরিকশাচালক সুমন জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। এ ছাড়া তাজমিনের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো হচ্ছে না। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ (ডিবি) অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে।
এখন তদন্তে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, কী কারণে তাজমিনকে হত্যা করা হয়েছে, ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং ঘটনার শেষ রাতে বাবার কাছে তার লাইভ লোকেশন পাঠানোর পেছনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের দাবি, তদন্তে এসব প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, অন্য কারও সম্পৃক্ততা এবং ঘটনার ধারাবাহিকতা সম্পর্কে বিস্তারিত পুলিশের সংবাদ সম্মেলনের পর জানা যেতে পারে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর স্কুলে যাচ্ছিল না।
তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সঙ্গে তিনি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।



