সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওয়ার্ডবয়ের নাম করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে। আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি ওই হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত ওই নারী শুক্রবার বিকেলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে করিম নারী ওয়ার্ডে গিয়ে ওই নারীর নাম-ঠিকানা জানতে চান এবং তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কি না, তা জিজ্ঞাসা করেন।
অভিযোগ অনুযায়ী, কথা বলার একপর্যায়ে করিম ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করে তাঁর মাকে ডাকেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ ওঠার পর অভিযুক্ত ওয়ার্ডবয় সেখান থেকে চলে যান।
ভুক্তভোগী নারী জানান, প্রথমে ওই ওয়ার্ডবয় তাঁর নাম-ঠিকানা ও ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জানতে চান। পরে কথা বলার সময় তাঁর কপাল ও গলায় হাত দেন। এরপর পিঠে হাত দিয়ে বুকে স্পর্শ করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি চিৎকার করেন এবং পরে নার্সকে বিষয়টি জানান।
হাসপাতালের এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও করিমের বিরুদ্ধে এক নারীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। সে সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
হাসপাতালের বহির্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় হাসপাতালের কর্মীরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত করিম সরকার আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।



