সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। হামলায় আহত আরও চারজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
সরকার নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও কাজ করছে।



