মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা–২০২৬-এর হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তাঁর এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
রোববার (১১ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আয়োজনে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেওয়ার জন্য বাছাই প্রক্রিয়ায় যুক্ত হন। কয়েক ধাপের বাছাই শেষে হিফজুল কোরআন বিভাগের চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হীরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় হীরার সাফল্য বাংলাদেশের কোরআন শিক্ষার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।



