পরীক্ষামূলক সংস্করণ

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা সাত আসামি হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুল (৬৪), উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতাকর্মী মো. মঞ্জুরুল মিয়া (২৫), চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া (২৯) ও আরিফ মিয়া (৩৪), স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা (৩০) এবং রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের ওমর আলী (৪৯) ও মোকসেদ আলী (৪৪)। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে দুই রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের কয়েকজন আউটসোর্সিং কর্মী ও স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান গত ২ মার্চ কলমাকান্দায় যোগ দেন। এর আগে কামরুল হাসান নামের এক ব্যক্তির ভোটার নিবন্ধন নিয়ে সন্দেহ দেখা দিলে গত ২৯ মার্চ ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের নোটিশ দেওয়া হয়। ৩১ মার্চ তদন্ত শুরু হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তের ভিত্তিতে গত ২০ জুলাই কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের কয়েকজন আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহার করে রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের আওতায় উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এজাহারের ভাষ্য অনুযায়ী, নির্বাচন কর্মকর্তার অনুমতি ছাড়াই অভিযুক্ত ব্যক্তিরা কয়েকজনের ছবি তোলা, আঙুলের ছাপ নেওয়া এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সার্ভারে তথ্য আপলোডের কাজ করেন। পরে ভোটার তালিকার তথ্য যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। সরেজমিন যাচাইয়েও মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার বিষয়টি সামনে আসে বলে এজাহারে দাবি করা হয়েছে।

সর্বশেষ নূর হালিমা ও মুজিবুর রহমান নামের দুই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র তৈরির ঘটনায় নির্বাচন অফিসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গত ২৯ জুলাই নির্বাচন অফিসের সিসিটিভি ক্যামেরা নষ্ট হওয়ার ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী মঞ্জুরুল মিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মামলার বাদী।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুল। তিনি বলেন, তাঁদের ওয়েবসাইটে ওই দুই ব্যক্তির তথ্য নেই। তাঁর দাবি, ওই দুই ব্যক্তি বাইরে থেকে জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন করে নিয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শুক্রবার রাতে মামলা হওয়ার পর শনিবার ভোরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...