কক্সবাজারের সদর উপজেলার খরুলিয়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানের সময় তিন লাখ ইয়াবা ফেলে পালিয়েছেন মাদক কারবারিরা। ঘটনাস্থল থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় মাদক কারবারি চক্রের সদস্যরা ইয়াবার চালান লেনদেনের জন্য জড়ো হয়েছেন বলে খবর পায় ব্যাটালিয়নটি। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআরবির একটি দল।
অভিযানের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। এসআরবির সদস্যরা তাদের ধাওয়া করলেও আটক করতে পারেননি।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানিয়েছে এসআরবি-১৫। ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশা কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।



