ফেনীতে খাগড়াছড়ি থেকে আসা এক পিকআপচালককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে অপহৃত চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতমলী সুরেশ হেডম্যান পাড়ার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মো. বেল্লাল (৩৪) দীঘিনালা থেকে পিকআপে জাম্বুরা ফল বোঝাই করে ফেনীর ফল মার্কেটের উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারী চক্রের সদস্যরা তাঁকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ সময় পিকআপের হেলপার শাহ্ আলমকে মারধর করা হয়। পরে মোবাইল ফোনে হেলপারকে জানানো হয়, চালককে ছেড়ে দিতে হলে এক লাখ টাকা দিতে হবে। উপায় না পেয়ে শাহ্ আলম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
সংবাদ পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ অভিযান শুরু করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল হেলপারকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। পরে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ফেনী জেলা কারাগার-২-এর বিপরীত পাশে রাজাঝির দীঘির পাড় এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই স্থান থেকে আহত অবস্থায় পিকআপচালক বেল্লালকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা প্রিয় নাথ (৩০), বেগমগঞ্জের বাসিন্দা মো. আলা উদ্দিন (৩০), পাঁচগাছিয়ার বাসিন্দা মো. সোহেল (৩২) এবং ফেনী পৌর এলাকার বাসিন্দা মো. রনি (২৬)।
উদ্ধারের পর পিকআপচালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়। পরে তিনি বাদী হয়ে এজাহার দায়ের করলে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। গ্রেপ্তার চারজনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ এশিয়া পোস্টকে বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। পরে রাজাঝির দীঘির পাড় এলাকা থেকে পিকআপচালককে উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



