নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়িক লেনদেনের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মাকসুদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে রাসেল ও অপর পক্ষের সাদ্দাম আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দামের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। ওই লোহা বিক্রির পাওনা বাবদ প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তাঁর মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে বকেয়া টাকা চাইতে যান।
এ সময় টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মাকসুদা বেগম ও তাঁর ছেলে রাসেল গুরুতর আহত হন। অপরদিকে সাদ্দামও আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।



