আগামী দিনে আইন পেশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি আইন বিষয়ে জ্ঞানের বাইরে অন্যান্য বিষয়েও দক্ষতা অর্জন এবং নীতি-নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সমাজে আইনজীবীদের পেশাকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে মানুষ একজন আইনজীবীর কাছে গেলে তাঁকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে বিবেচনা করে। এ জন্য শুধু আইন জানলেই চলবে না; অর্থনীতি, রসায়ন, নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও জ্ঞান থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু শিক্ষা, জ্ঞান ও গরিমায় বড় হলেই হবে না; নীতি ও নৈতিকতার বিষয়টিও মাথায় রাখতে হবে। একজন আইনজীবী ভালো জ্ঞানসম্পন্ন হলেও অর্থের প্রতি অতিরিক্ত লোভ থাকলে এবং মক্কেলের কাছ থেকে কীভাবে বেশি টাকা নেওয়া যায়, সেই চিন্তা করলে তাঁকে ভালো আইনজীবীর কাতারে রাখা যায় না।
আইনমন্ত্রী বলেন, আইন পেশার নামে এ ধরনের ব্যবসায়িক মানসিকতা বন্ধ হওয়া প্রয়োজন।



