যশোর শহরে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথায় আঘাত লাগে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর তিনটি সেলাই দিতে হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরেছেন। এ ঘটনায় তাঁর করা মামলায় জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সমু চৌধুরী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় দুজনকে আসামি করে মামলা করেছেন।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসান কবির জানান, সমু চৌধুরী দুপুর দুইটার দিকে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাঁর মাথায় জখম ছিল এবং তিনটি সেলাই দিতে হয়েছে। পরে আশঙ্কামুক্ত অবস্থায় তাঁকে বাড়িতে পাঠানো হয়।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমু চৌধুরী বলেন, ‘বাড়িতে এসে এ রকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতভম্ব হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি ওই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আমার ওপর হামলা হলো।’
তবে গ্যারেজমালিক হৃদয় দাবি করেছেন, তিনি এ ঘটনায় জড়িত নন। তাঁর ভাষ্য, সমু চৌধুরী মা-বোন তুলে গালিগালাজ করায় জাহাঙ্গীর তাঁর ওপর হামলা চালিয়েছেন। মুঠোফোনে তিনি এ কথা জানান।
অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আহত সমু চৌধুরী নিজেই মামলার বাদী হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



