গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় টঙ্গী ফায়ার স্টেশন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে টঙ্গী ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।



