দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সংশ্লিষ্ট কমিটি। এর মধ্যে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা পিটিই লিমিটেডের সরবরাহ প্রস্তাব সরকারি পর্যায়ে (জি টু জি) প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে। অন্যদিকে জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই থেকে এলএনজি কেনার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সাল পর্যন্ত এলএনজি সরবরাহের জন্য ট্রাফিগুরা পিটিই লিমিটেডের সঙ্গে নির্ধারিত দর হবে জেকেএম সূচকের তুলনায় প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ০.১০ ডলার কম। ট্রাফিগুরা পিটিই লিমিটেড সিঙ্গাপুরভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরবরাহকারী ও ক্রেতা—উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এলএনজি কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে। মঙ্গলবার কমিটির ৪৯তম সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একই দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি এলএনজি ক্রয় প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা পিটিই লিমিটেডের দেওয়া সরবরাহ প্রস্তাব সরকারি পর্যায়ে (জি টু জি) পদ্ধতিতে প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিনটি প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই।



