গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ভবনটির ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন পুরো ভবন এবং আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন থেকে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বর্তমানে ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার ভেতরে থাকা সচল পাম্পের পাশাপাশি আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছিল।



