রাজধানীর পল্লবীতে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে চেতনানাশক প্রয়োগ করে অচেতন অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগে মো. ইমরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ ঘটনায় অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ইজিবাইকচালক মো. নুরুল আমিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পল্লবী থানার সেকশন-১১-এর আদর্শনগর ডুইপ এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে ইজিবাইক নিয়ে বের হন চালক নুরুল আমিন। অভিযোগ অনুযায়ী, তাঁর ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ইমরান তাঁকে উচ্চমাত্রার চেতনানাশক প্রয়োগ করেন। এতে নুরুল আমিন অচেতন হয়ে পড়লে তাঁকে পল্লবীর প্যারিস রোডের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তে সহায়তার জন্য রিকুইজিশন পাওয়ার পর ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৪। তদন্তের একপর্যায়ে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইমরানের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে আদর্শনগর ডুইপ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মো. ইমরানকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।



