ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আশুলিয়া থানার জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



