৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রার সই করা গেজেটে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে শর্তসাপেক্ষে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
গেজেটে নিয়োগপ্রাপ্তদের জন্য কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।



