বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার (১৮ অক্টোবর) সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় আসছেন। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
ফিফা সভাপতির এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঢাকায় তার অবস্থান হবে স্বল্প সময়ের জন্য। যাত্রাবিরতির সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির।
বাফুফে সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনসহ ট্রানজিটের আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগাম যোগাযোগ করা হয়েছে।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও তাবিথ আউয়ালের সঙ্গে ইনফান্তিনোর আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।



