নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সকাল সাড়ে ৮টার দিকে নিহতের সংখ্যা ১৪ জনে পৌঁছানোর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওপর বাস ও ট্রাক পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।



