কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং কাটাখালির বক্কর আহমেদের ছেলে শাকিল (২২), মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, সোমবার (১৯ অক্টোবর) ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে রাত ৮টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালানো হয়। গাড়িটি মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে বিজিবি সদস্যরা পিকআপটিতে তল্লাশি চালান। এ সময় পেছনের আসনের কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
অন্যদিকে, রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে অ্যামবুশ করে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শাকিলসহ তিনজনকে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



