রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সদস্যরা।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৫। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিচুবাগানের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল রঙের স্কচটেপে মোড়ানো ছিল। বাকি ৩৯টি কালো রঙের স্কচটেপে মোড়ানো ছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



