রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়ায় একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বাসার ডাইনিং রুমের মেঝে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসার তৃতীয় তলার উত্তর পাশের ৩০বি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মো. আরিফ হোসেন (৪৩) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
আরিফ হোসেন পুলিশকে জানান, সকালে ব্যবসায়িক কাজে তিনি গুলিস্তানে যান। পরে সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে বাসায় ফিরে সামনের দরজা অর্ধেক খোলা দেখতে পান। ঘরে ঢুকে ডাইনিং রুমের মেঝেতে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।



