ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরিস্থিতি ও আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে প্লাস্টিকসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণসহ অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে।



