কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আঙুর মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মায়ের করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তার মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি এক সহপাঠীকে নিয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত ১১টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া শিশুটির মুখ চেপে ধরে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আঙুর মিয়াকে আটক করেন। পরে খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
সোমবার (২৬ অক্টোবর) শিশুটির মা বাদী হয়ে নিকলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।



