গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে গাজীপুর নগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকার ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে পার্শ্ববর্তী সারাবো-কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।



