ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো ছয় আসন পিছিয়ে রয়েছে জোটটি।
বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।
প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গণনা করা ভোটের ভিত্তিতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। এ ছাড়া আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো ১৬টি আসন পেতে পারে বলে প্রাথমিক ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। ফলে আসনসংখ্যায় এগিয়ে থাকলেও নেতানিয়াহুর জোট এখনো এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ভোট গণনার বিভিন্ন পর্যায়ে লিকুদ পার্টির ভোটের হারেও পরিবর্তন দেখা গেছে। প্রাথমিক পর্যায়ে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। পরে তা কমে ২১ দশমিক ৭ শতাংশে নেমে আসে। সর্বশেষ গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৭ শতাংশে।
অন্যদিকে, ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার বেড়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা এখনো চলছে। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দলগুলোর প্রাপ্ত ভোটের হার ও সম্ভাব্য আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।



