পরীক্ষামূলক সংস্করণ

বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তরুণ, পরে মিলল ঝুলন্ত মরদেহ

কক্সবাজারের পেকুয়ায় নুরুস সোলতান (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শুল্লখালি এলাকায় বাড়ির পাশের সড়কের ধারে একটি গাছের কাছে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত নুরুস সোলতান ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাড়ি থেকে বের হন নুরুস। এ সময় তাঁর বাবা বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, মানিক নামের এক বন্ধু মুঠোফোনে তাঁকে ডাকছেন। এরপর তিনি বাড়ি থেকে বের হন।

পরে রাত দেড়টার দিকে স্থানীয় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাড়ি ফেরার পথে সড়কের পাশে নুরুসের মরদেহ দেখতে পান। ভয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নুরুসের বলে শনাক্ত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের খবর দেন।

নিহতের বাবা নুরুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে এলাকার লোকজন এসে ছেলের মৃত্যুর খবর দেন। তাঁর দাবি, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারেন না; তাঁকে হত্যা করা হয়েছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তরুণের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। ওই তরুণের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ শুনেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

প্রধান খবর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার কারণ উদ্ঘাটন, সহযোগীদের শনাক্ত, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মধ্যে বোমা সদৃশ ৩ বস্তু উদ্ধার

আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আহত হয়েছেন পুলিশ সদস্য, শ্রমিক ও পথচারী।

সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি।

আসছে...