ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামে এ অভিযান চালানো হয়। রোববার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান টিপু একই গ্রামের বাসিন্দা।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালায় আভিযানিক দল। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন টিপু। পরে সদস্যরা তাঁকে আটক করেন।
অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে টিপুর পরিহিত প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি পিস্তল বের করে জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন ছিল না।
পিস্তলটির গায়ে ‘TOKYO MARUI MADE IN JAPAN No 871072 M1911A U.S. ARMY’ এবং অপর পাশে ‘COLT’S PT.F.A.MFG.CO.HARTFORD.CT.U.S.A.’-সহ বিভিন্ন তথ্য খোদাই করা রয়েছে। অস্ত্রটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, উদ্ধার করা অস্ত্রের পক্ষে কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি আসাদুজ্জামান টিপু। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



