রাজধানীর লালবাগে বিপ্লব (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে শহীদনগর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
এসআই আব্দুস সেলিম মিয়া বলেন, নিহত বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে তাঁর খালার বাসায় থাকতেন। তাঁর বাবা অনেক আগেই মারা গেছেন। দুপুরে কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব লালবাগের কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন। এলাকায় তিনি ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও স্থানীয়দের দাবি।



