পরীক্ষামূলক সংস্করণ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অফিসে যাওয়া হলো না ব্যাংক কর্মচারী হান্নানের

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। এ সময় সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল।

হঠাৎ সামনে চলে আসা পাথরবোঝাই ট্রাকের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান হান্নান। এতে তার মোটরসাইকেলটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। তিনি ছিটকে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রধান খবর

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। নরসিংহপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার পর আশপাশের বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ: সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়ার ঘটনা ঘটে।

আসছে...