জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এ ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়নের দাবি জানানো হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ বলেন, লস অ্যান্ড ড্যামেজের পরিমাণ বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এ তহবিল থেকে অর্থ পায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ দাবি আদায়ে অন্যান্য দেশের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক। আর আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি পূরণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।



