ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম ও পূর্ব পাশে ঢাকা-বরিশাল এবং খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক তল্লাশিচৌকি বসিয়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় মো. মাইনুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া থানার পৈকখালী এলাকার মো. রফেস মীরের ছেলে। তাঁর কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩১ হাজার ১৮৫ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৭১ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা।
এ ঘটনায় মো. আলী হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার কোলকাতা ভোগদিয়া এলাকার মৃত হাসেম ভূইয়ার ছেলে। তাঁর কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



