২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সাভার মডেল থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে এক বার্তায় এ তথ্য জানান ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
গ্রেপ্তার মুহিত সোবহান সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকার মো. মর্তুজা আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।



