ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১৮ হাজার টাকা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে একই দিন ভোরে সীমান্তের ওই দুই এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গাঁজা, স্কাফ সিরাপ ও শাড়ির একটি চালান জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ১১ লাখ ১৮ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



