গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি দরজার কিছু অংশ পুড়ে গেলেও ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ আহত হননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. সুজন মোল্লা নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে সুজন মোল্লাসহ তিনজনকে ব্যাংকের পাটগাতী শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করতে দেখা যায়। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বাইরে কাজ করছিলেন। বিকেলে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে ফিরে একটি দরজার কিছু অংশ পোড়া অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও জানান, কার্যালয়ের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় কেউ আহত হননি। হামলাকারীরাই ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন বলে জানান তিনি।



