রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা ও গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাই করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল।
প্রথম দফার পরীক্ষায় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। তবে বর্তমান সরবরাহ পরীক্ষামূলক পর্যায়ের অংশ; পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি।



