পরীক্ষামূলক সংস্করণ

রেলওয়ের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে জালিয়াতি ও অনিয়মের মামলায় সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও) গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, রেলওয়ের নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলায় গোলাম কিবরীয়াকে তিন বছর এবং ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় আরও তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী। পরে ১ হাজার ২২৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য চিঠি পাঠানো হয়।

অভিযোগ অনুযায়ী, লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে কাটাকাটি, ঘষামাজা ও গড়মিল করে বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কয়েকজন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়। এভাবে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের ফল পরিবর্তন করে নিয়োগের সুপারিশ করা হয়েছিল বলে মামলায় অভিযোগ আনা হয়।

দুদকের অনুসন্ধানে নিয়োগে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টিও উঠে আসে। অভিযোগে বলা হয়, ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ দেওয়া হয় মাত্র পাঁচজনকে।

মামলায় নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরীয়া এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করে। অভিযোগপত্র জমা দেওয়ার পর ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...