ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
নির্মাতা এমডি ইকবাল জানান, মঙ্গলবার সকালে সবার মতো সোহেল খানও ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর বিশ্রামের জন্য নিজের কক্ষে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি নিতে মেকআপও করেন তিনি।
একপর্যায়ে শুটিংয়ের জন্য তাকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য হোটেলকক্ষে বিছানায় পড়ে থাকতে দেখেন সোহেল খানকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমডি ইকবাল বলেন, ‘সবার মতো সোহেল ভাই আজ সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর তিনি তার রুমে বিশ্রামের জন্য যান। এরপর সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সোহেল খানের এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা এমডি ইকবাল। তিনি বলেন, ‘একটি সুস্থ মানুষের চোখের সামনে এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা গোটা নসিব টিম শোকাহত।’
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।



