ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি খাবারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের ডং দা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দোকানটির একাংশ ধসে পড়ে এবং আশপাশের প্রায় ১০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
ভিয়েতনামের সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হ্যানয়ের নুয়েন ভ্যান তুয়েট সড়কের একটি খাবারের দোকানে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের ছাদ ও দেয়ালের অংশ ভেঙে পড়ে। আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন স্থাপনার দরজা, ছাদ ও টিনের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বিস্ফোরণের সময় ধ্বংসাবশেষের আঘাতে এক পথচারী নিহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাঁদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরাতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার পর আশপাশের ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।
ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ফাম জিয়া তুক বিস্ফোরণের ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রাখা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।



