গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা মালামাল বের করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় তাদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুক্ত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করেন।
পরে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল এবং মামলার নথিপত্র বাইরে বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে সেগুলোতে আগুন দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
ওসি জানান, বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



