ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে জেলার ৭০টি পোশাক কারখানায় মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চললেও দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ২টার দিকে গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ওই এলাকার ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। এরপর গাজীপুরা ২৭ এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ সময় শ্রমিকদের একটি অংশ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে। সেখানে থাকা আসবাবপত্রে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিকেল ৪টা পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। শ্রমিকদের এক স্থান থেকে সরিয়ে দিলে তারা অন্য স্থানে বিক্ষোভের চেষ্টা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের চলমান আন্দোলনের মূল দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। শ্রমিকরা বলছেন, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ানো প্রয়োজন। তবে নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিক প্রতিনিধি ও কারখানা মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে।



