তুরস্কের বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসকিশেহির থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানবাহিনীর একটি এএস-৫৩২ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। পরে হেলিকপ্টারটিতে থাকা পাঁচ সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসকিশেহির প্রদেশের তেপেবাসী জেলার ইওরুকাকচাইর এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যদের উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার মডেলের। ফ্রান্সে তৈরি দুই ইঞ্জিনবিশিষ্ট এই হেলিকপ্টার সামরিক কাজে এবং সেনাসদস্য পরিবহনে ব্যবহৃত হয়।
তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানায়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্য নিহত হন। ১২ দিনের ব্যবধানে দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা এটি।
মালাতিয়ার দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। ফলে অল্প সময়ের ব্যবধানে দুটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় মোট নয়জন সেনাসদস্যের মৃত্যু হয়েছে।



