সিলেট নগরের একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোর পর্যন্ত নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল গ্র্যান্ড প্যালেসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ যুবলীগের কয়েকজন নেতা অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে কোতোয়ালি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়।
টানা প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী হোটেলটির নিচে অবস্থান নেন।
হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, আটক ব্যক্তিরা সিলেট ভ্রমণের কথা বলে মঙ্গলবার সকালে হোটেলটিতে কক্ষ ভাড়া নিয়ে ওঠেন।
অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন গোপন তথ্য ছিল পুলিশের কাছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



