রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনের প্রাঙ্গণে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বিজিএমইএ ভবনের সামনে আসেন। এরপর মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ভবনের ভেতরের প্রাঙ্গণ লক্ষ্য করে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এ সময় অন্য একজন ঘটনাটি ভিডিও ধারণ করেন। বোমা নিক্ষেপের পরপরই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তুরাগ থানা-পুলিশ জানায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাইরে থেকে বিজিএমইএ ভবনের সীমানাপ্রাচীরের ভেতরের খোলা প্রাঙ্গণ লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। বিকট শব্দ শুনে ভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ভবনের ভেতরের খোলা প্রাঙ্গণের মেঝেতে কালো দাগ দেখতে পান পুলিশ সদস্যরা। তবে ঘটনাস্থল থেকে বিস্ফোরকসদৃশ কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।
তুরাগ থানা-পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



