দিনাজপুরে ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বুধবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর উপজেলার জোতবহবল ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (৩৯) ও তাঁর স্ত্রী মোছা. ফরিদা (৩২)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালি থানার আওতাধীন বালুবাড়ী শহীদ মিনার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



