অল ক্রাইমস. টিভি ডেস্ক
জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় অবৈধভাবে জ্বালানি মজুতের প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জের মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তারা কর্মকর্তার নেতৃত্বে নিরাপত্তা জোরদার, তদারকি এবং অবৈধ মজুত ও নাশকতা প্রতিরোধে কাজ করছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।



